প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম

ভবদহ অঞ্চলের চলমান প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আগামী জুনের মধ্যে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। শনিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ চার মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ সচল রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা করা হচ্ছে। ভবদহ এলাকার মানুষের সমস্যা ও দাবির কথা সভায় শোনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ায় এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে স্থানীয় সংসদ সদস্য, কৃষি সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানান। সভা শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবদহ এলাকা পরিদর্শন করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি