
সংগৃহীত ছবি
শ্রেণিকক্ষের সেই পরিচিত মুখ, শিক্ষার্থীদের স্নেহমাখা ডাক আর সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘদিনের কর্মময় সময়। প্রতিদিনের মতো আর বিদ্যালয়ে আসা হবে না, শোনা হবে না শিক্ষার্থীদের কোলাহল। দায়িত্বের ইতি ঘটলেও রেখে যাওয়া স্মৃতি ও ভালোবাসা রয়ে যাবে সবার হৃদয়ে।
এমনই আবেগঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগময় পরিবেশ। প্রিয় শিক্ষকের বিদায় মুহূর্তে অনেক শিক্ষার্থীর চোখেমুখে ছিল বিষন্নতার ছাপ। দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের নানা স্মৃতি স্মরণ করে সহকর্মীরাও সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন।
দীর্ঘদিন শিক্ষকতা জীবনে দায়িত্ব পালন শেষে তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এসএমসি) সভাপতি মো: দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূইঁয়া ।
শিক্ষক মো: হাসিব আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম, সহকারি অধ্যাপক মো: আনোয়ার হোসেন, , মাহমুদা আক্তারের স্বামী সাবেক সরকারি কর্মকর্তা মো: হান্নান মিয়া, সমাজ সেবক মো: ছোটন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষাও দেন। একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর শিক্ষার্থীদের সাফল্য ও ভালোবাসার মধ্যেই প্রতিফলিত হয়। নোয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদায়ী প্রধান শিক্ষকের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়, বরং স্মৃতির বন্ধনে নতুন করে আবদ্ধ হওয়া। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা নিয়ে বিদায়ী প্রধান শিক্ষক নতুন জীবনের পথে এগিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার।
অনুষ্ঠানে বিদায়ী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে ফুল সজ্জিত গাড়িতে ওই শিক্ষকে বিদায় সংবর্ধনা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় গাড়ির পিছু পিছু বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়ি যান।
বিদায়ী শিক্ষক মাহমুদা আক্তার বলেন, আসলেই বিদায় বিষয়টা খুবই বেদনার আর কষ্টের। যার বিদায় দেওয়া হয় সেই বুঝে তা যে কত কষ্টের। কারণ সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। দীর্ঘ বছর এক জায়গাতে থেকেছি। এটা যেন আমার পরিবার হয়ে গেছে। তাই আমার খুবই কষ্ট হচ্ছে। চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করেনি।
সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সহকর্মীদের সঙ্গে কখনো খারাপ আচরণ করেনি। সব সময় ভালো সময় কেটেছে। আমাকে যে সম্মান দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। আমি চাই, সবাই ভালো থাকুক। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি।