বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান

বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মো. আবু হানিফকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম । এ সময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার এখতিয়ার সম্পূর্ণ সরকারের হাতে। তবে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ লক্ষ্যে নন-এমপিওভুক্ত স্কুলগুলোতে শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে, যাতে চাকরিজীবন শেষে বিদায়বেলায় তাঁরা কিছু আর্থিক সঞ্চয় নিয়ে বাড়ি ফিরতে পারেন।
বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মো. আবু হানিফকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ড. এম এ কাইয়ুমকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ড. এম এ কাইয়ুম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের পর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক তহবিল শূন্য অবস্থায় ছিল। তবে বর্তমানে বিদ্যালয়ের ফান্ডে অর্থ জমা হয়েছে। এটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হারানো সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মতিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, অতীতের সব অপশক্তি ও প্রতিকূলতা মোকাবিলা করে তাঁরা বিদ্যালয়ের হারানো সুনাম ফিরিয়ে আনতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হানিফের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সুনাম পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।