প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
পাবনার বেড়া মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়।
বেড়া মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২১ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নামে বিভিন্ন নাশকতা ও বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনার অন্যতম সমন্বয়কারী হিসেবে মো. আরিয়ান রহমান রকীব (২৯)-কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বেড়া পৌরসভার বৃ-শালিখা গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রকীব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেড়া পৌর আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং বেড়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের (The Explosive Substances Act, 1908) ৩/৪/৬ ধারায় বেড়া থানার মামলা নম্বর-১৩ (তারিখ: ২৯/০৯/২০২৬) রয়েছে।
অন্যদিকে, বুধবার (২৫ নভেম্বর) রাতে বেড়া পোর্ট এলাকা থেকে মো. জিকরুল (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করে বেড়া মডেল থানা পুলিশ। তিনি বেড়া পৌরসভার কাগমাইরপাড়া গ্রামের বাচ্চুর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত বেড়া পৌর যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। লকডাউন কর্মসূচির সময় থানায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বেড়া মডেল থানার মামলা নম্বর-০৩ (তারিখ: ২৪/১১/২০২৬) রুজু করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বেড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেয়া হবে না, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।