প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম

সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে। মাকে আঘাত করার ঘটনায় আমির ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পর এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এস পি