
কেউ এসেছে মায়ের সাথে, কেউবা বাবার সাথে, আবার কেউ এসেছে ভাইসহ নিকটতম লোকজনের সাথে। নির্ধারিত সময় প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তর খাতায় লিখছেন। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে বসেছে খুদে শিক্ষার্থীরা। বয়সে ছোট হলেও তাদের স্বপ্ন আর প্রত্যাশার পরিধি অনেক বড়।
কোমলমতি শিশুদের মেধা বিকাশ, পড়ালেখায় আগ্রহ সৃষ্টি এবং সুপ্ত প্রতভা বিকাশের লক্ষ্যে সোমবার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ পরীক্ষা শুরু হয়।
পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি।
সন্তানকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। কারও চোখে সন্তানদের ভালো ফলের প্রত্যাশা, আবার কারও মনে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন।
খুদে শিক্ষার্থীদের কাছে এই পরীক্ষা শুধু ভালো ফল অর্জনের প্রতিযোগিতা নয়; বরং নিজের যোগ্যতা যাচাই এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। দীর্ঘদিনের প্রস্তুতি, পড়াশোনা ও অনুশীলনের পর পরীক্ষার হলে বসে তারা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করছে।
পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ রয়েছে, তেমনি রয়েছে কিছুটা ভয় ও উৎকণ্ঠাও। তবে শিক্ষকদের উৎসাহ এবং অভিভাবকদের অনুপ্রেরণা তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
শিক্ষাবিদদের মতে, বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শুধু মেধার স্বীকৃতি দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। এ ধরনের আয়োজন ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রমী হতে উৎসাহিত করে।
আয়োজক সূত্রে জানা যায়, পৌর শহরসহ উপজেলার ২৪ টি বিদ্যালয় এতে অংশ নেন। এরমধ্যে ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেন রয়েছে। এই পরীক্ষায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা, অংক, ইংরেজিসহ মোট ৪টি বিষয়ে পরীক্ষা হচ্ছে।
অভিভাবক মো: হুমায়ুন বলেন আসলে বৃত্তি শুধু অর্জনই নয়, এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয়। ছোটবেলা থেকেই এ ধরনের ইতিবাচক প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ খুবই ভালো রয়েছে। তিনি আরও বলেন পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি শিশুদের শেখার আনন্দ ও মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়া জরুরি। বৃত্তি পাওয়া বা না পাওয়ার চেয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং নিজের মেধা যাচাইয়ের সুযোগই শিশুদের জন্য বড় অর্জন।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৪ টি বিদ্যালয় অংশ নেন। এরমধ্যে ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা, অংক, ইংরেজিসহ মোট ৪টি বিষয়ে পরীক্ষা হচ্ছে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটে।
স্বদেশ প্রতিদিন/এস পি