প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিফতাহুল জান্নাত (২১) নামের এক কলেজছাত্রী। সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মিফতাহুল। প্রত্যক্ষদর্শী ও পরিবারের ভাষ্য অনুযায়ী, উল্টো পথে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামানের মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। এসএসসি পরীক্ষার পর থেকে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। চলতি বছর চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
মিফতাহুলের মামা হারুনুর রশিদ জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ১৭ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মিফতাহুল। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
তিনি বলেন, 'সাত দিন ধরে আমার ভাগনি লাইফ সাপোর্টে ছিল। চিকিৎসার পেছনে পরিবারের সাড়ে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। তার বাবা আগেই মারা গেছেন। অথচ দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও তার খোঁজ নেননি। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।'
সোমবার আসরের নামাজের পর পটিয়ার নিজ গ্রামে জানাজা শেষে বাবার কবরের পাশে মিফতাহুলকে দাফন করার কথা রয়েছে বলে জানান তাঁর মামা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।