প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলা ও সময়মতো অক্সিজেন দিতে না পারায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের ছোট ভাই মাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পেটব্যথা শুরু হলে মজিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ ওয়ার্ডে তাঁকে যে দুটি বেডে শোয়ানো হয়েছিল, সেগুলো ভেঙে পড়ে। পরে তৃতীয় বেডে রাখার প্রায় তিন ঘণ্টা পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন দেওয়ার জন্য নার্সকে ডাকা হলে তিনি স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ। পরে অক্সিজেন সিলিন্ডার চালু করতে গিয়ে বিদ্যুতের কোনো সচল সকেট না পাওয়ায় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর চিকিৎসক রোগীর কাছে যান। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন হাসপাতালে প্রবেশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নবীউর রহমান হাসপাতাল ত্যাগ করেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমি বাইরে আছি। বিষয়টি খোঁজখবর নিচ্ছি। বরাদ্দ করা ওষুধ এখনো পাওয়া যায়নি, তাই কিছুটা সমস্যা হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথা জানান। জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানলাম। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’ হাসপাতালটিতে ওষুধের সংকট, অকেজো বেড ও অক্সিজেন সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এস পি