
টানা দুই দিনের ভারী বর্ষণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সবজিক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে অনেক ক্ষেতের ফসল। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা মূলা ও সরিষাচাষিদের। পাশাপাশি নিচু জমিতে পাকা আমন ধানও পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠের সবজিক্ষেতে পানি জমে আছে। এসব মাঠে মূলা, বাঁধাকপি, ফুলকপি, পালংশাক, পটল, পুঁইশাক ও বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজির চাষ হয়েছে। ইতিমধ্যে এসব সবজির বেচাকেনাও শুরু করেছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এবার শীতকালীন সবজি চাষে কিছুটা দেরি হয়েছে। এখন ফসল বিক্রির সময়। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হওয়ায় অনেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আরও এক-দুই দিন বৃষ্টি হলে উঁচু জমির ফসলও ক্ষতিগ্রস্ত হতে পারে।
চুড়ামনকাটির দোগাছিয়া গ্রামের মূলাচাষি তৌহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে আমার এক বিঘা মূলার ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি জমে থাকলে অনেক গাছ পচে নষ্ট হবে। বৃষ্টি থেমে যাওয়ার পরও মূলায় দাগ ও পচন দেখা দিতে পারে। তখন এসব মূলা বাজারে বিক্রি করা কঠিন হবে।’
আব্দুলপুর গ্রামের কয়েকজন কৃষক জানান, ভারী বৃষ্টিতে মূলা ও সরিষার ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ফসলে পানি জমে থাকলে দ্রুত পচন ধরে। বৃষ্টি অব্যাহত থাকলে অন্যান্য শীতকালীন সবজিরও ক্ষতি হবে। এতে আর্থিকভাবে লোকসানে পড়বেন তাঁরা।
একই গ্রামের চারা উৎপাদনকারী টিটো বলেন, ‘বৃষ্টি এভাবে চলতে থাকলে কপির চারা রক্ষা করা সম্ভব হবে না। ইতিমধ্যে নতুন করে বীজ বপন করা অনেক কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে।’
দোগাছিয়া গ্রামের ধানচাষি বাবলুর রহমান বলেন, ‘মাঠের পর মাঠ পাকা আমন ধান রয়েছে। এরই মধ্যে ধানখেতে পানি জমেছে। নিচু জমির অনেক খেতে হাঁটুপানি।’
চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাস বলেন, টানা বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে মূলা, সরিষা, শিম, বাঁধাকপি ও ফুলকপির ক্ষতি হতে পারে। বৃষ্টি থেমে গেলে ক্ষতির পরিমাণ কম হতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ধানচাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের ক্ষেতের পানি নালা কেটে সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।’ বৃষ্টির পর তীব্র রোদ উঠলেও জমে থাকা পানি গরম হয়ে গাছের গোড়ায় পচন ধরাতে পারে বলে জানান তিনি।
এদিকে নিচু এলাকার অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এতে নিম্ন আয়ের মানুষজনও বৃষ্টির কারণে ঘরবন্দী হয়ে পড়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি