
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় অর্নবের ধাক্কা সামলে ওঠার আগেই ঘূর্ণিঝড় আকভানের কবলে পড়েছেন সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির জেলেরা। মৌসুম শুরুর মাত্র ১৫ দিনের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হচ্ছে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় চাতালে শুকাতে দেওয়া মাছও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে ঋণের বোঝা বাড়ার শঙ্কায় রয়েছেন জেলে ও মহাজনেরা।
প্রতিবছরের মতো এবারও ৩০ অক্টোবর থেকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে জেলে ও মহাজনেরা প্রস্তুতি নিয়ে ২৯ অক্টোবর সেখানে পৌঁছান। কিন্তু মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে তাঁদের কার্যক্রম ব্যাহত হয়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আকভান।
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাটের মোংলার বাসিন্দা ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, অনেক জেলে গত বছরের ঋণ এখনো শোধ করতে পারেননি। ভালো মৌসুমের আশায় আবার ঋণ করে তাঁরা দুবলার চরে এসেছেন। কিন্তু দস্যুদের আতঙ্ক ও বৈরী আবহাওয়ায় তাঁদের সব আশা ভেঙে যাচ্ছে।
সাতক্ষীরার আশাশুনির নাকনা গ্রামের বাসিন্দা ও আলোরকোলের জেলে শাহীনুর রহমান গাজী বলেন, চার-পাঁচ দিন এভাবে আবহাওয়া খারাপ থাকলে মাছ আহরণ বন্ধ থাকার পাশাপাশি চাতালে থাকা মাছও নষ্ট হতে পারে। এতে লোকসান আরও বাড়বে।
গত মৌসুমেও দস্যুদের চাঁদাবাজি, জেলে অপহরণ, মুক্তিপণ আদায় ও প্রাকৃতিক দুর্যোগে বড় ক্ষতির মুখে পড়েছিলেন জেলে ও মহাজনেরা। কেউ ব্যবসা গুটিয়েছেন, কেউ ঋণ শোধ করতে জমিজমা বিক্রি করেছেন। এবারও একই পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব কাটিয়ে জেলেরা পুনরায় সাগরে মাছ ধরতে নেমেছিলো।১৭ নভেম্বর থেকে দুবলার চরের আবহাওয়া খারাপ যাচ্ছে।১৮ তারিখ দিবাগত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে।আজ সন্ধ্যা থেকে বাতাসের গতিবেগ বেড়েই চলেছে। ১৫ দিনের ব্যবধানে আবরও ঘূর্ণিঝড়ের কবলে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রায় এক শতাব্দীর ঐতিহ্যবাহী দুবলার চরের শুঁটকি বাণিজ্যের সঙ্গে হাজারো মানুষের জীবিকা জড়িত। তাই একের পর এক দুর্যোগে শুধু জেলে-মহাজন নন, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন শুঁটকি উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত অন্য পেশার মানুষও।