চার দশকের প্রতিক্ষার অবসানে আজ উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ

আজ ১৯ নভেম্বর উদ্বোধন হবে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ
প্রায় চার দশকের প্রতীক্ষার অবসান হয়ে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস, জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস। চারিদিকে যেন সাঁজ সাঁজ রব উঠেছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহার অনুযায়ী নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে পাবনা-ঢাকা-পাবনা রুটে ' পাবনা প্রভাতী এক্সপ্রেস ' এবং 'পাবনা গোধূলি এক্সপ্রেস' নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন হবে। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:০০ মিনিটে পাবনা স্টেশন থেকে উদ্বোধন করার কথা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি'র। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপি ও পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
প্রায় চার দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেই লক্ষ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এক জোড়া আন্তঃনগর ট্রেনের মাধ্যমে সরাসরি রেলপথে রাজধানীর সাথে যুক্ত হচ্ছে উত্তরের এই জনপদ। এমন খবরে আনন্দে ভাসছে জেলার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
১৯১৫ সালে ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মাধ্যমে এই অঞ্চলে রেল যোগাযোগ শুরু হলেও মূল শহরটি ছিল রেল নেটওয়ার্কের বাইরে। ২০১৩ সালে ১ হাজার ৭শ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী- পাবনা-ঢালারচর রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। তবে সে সময় কেবল পাবনা-রাজশাহী রুটে একটি লোকাল ট্রেন চালু করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পাবনার জনসভায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী ইশতেহারে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতি সন্তান ফাহিমুল ইসলাম শোভনের আন্তরিক প্রচেষ্টায় সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিচ্ছে।
পাবনাবাসী বলেন এতদিন ঢাকায় যেতে সড়কপথে তীব্র যানজট, বাড়তি ভাড়া কিংবা ঈশ্বরদী-চাটমোহর ঘুরে অথবা কাজিরহাট-আরিচা নৌপথে চরম ভোগান্তি পোহাতে হতো। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই বাঁচবে। অগ্রিম টিকিট বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাবনা স্টেশনের কাউন্টারগুলোতে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহাসিক এই প্রথম যাত্রার সাক্ষী হতে আগেভাগেই টিকিট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। অনেকেই বলেন বাস বা অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের জার্নি সবসময়ই অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ। সড়ক দুর্ঘটনার ঝুঁকি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। তুলনায় রেলে দুর্ঘটনার হার অনেক কম। ট্রেনে সিটে বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়, যেখানে শিশুদের নিয়ে বা বয়স্কদের যাতায়াত করাও অনেক সহজ।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা খাতে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ ১৯ নভেম্বর বিকাল ৩:০০ মিনিটে যেদিন হুইসেল বাজিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্বপ্নের এই ট্রেন।
এদিকে উদ্বোধন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও পুলিশের নিরাপত্তাসহ সকল বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে।
এবিষয়ে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে বলেন পাবনা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাবনা ঢাকা সরাসরি রেল যোগাযোগ সেই প্রত্যাশা পূরণে, পাবনা-ঢাকা-পাবনা ট্রেন উদ্বোধন উপলক্ষে বড় জমায়েত হবে বলে মনে করি সেই লক্ষে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সকল প্রকার প্রস্তুতি আমাদের রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাবনা জেলা পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার সদস্যর পাশাপাশি রোভার স্কাউটস, বিএনসিসি সহ সবাইকে সংপৃক্ত রেখেছি পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে আরএনবি, রেলওয়ে পুলিশ ও তাদের জনবল থাকবে। সর্বোপরি বলবো জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উদ্বোধন অনুষ্ঠান সফল হবে বলে মনে করি।