প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০১ AM

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে সাতটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে এসআরবি-৮। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঝালকাঠির জর্দা শামীমের সহযোগী হিসেবে পরিচিত শাহে আলম বেপারীর গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৮-এর বরিশাল কার্যালয়ের সহকারী কর্মকর্তা পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহে আলমকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় সাতটি বিদেশি পিস্তল ও অনেকগুলো গুলি উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি