সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চিত্রমালায় শিল্পী মো. জাকির-উস-সালামের অনন্য শিল্পভাষ্য      ● ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ      ● অর্থায়নে অমীমাংসা, প্রাপ্তি সামান্য      ● পদ পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ       ● প্রকৃতির মাঝে আধুনিকতার মিলনস্থল গাইবান্ধার এসকেএস রিসোর্ট      ● পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!      ● শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু      ● শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার      ● বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী      ● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      ● আলীকদমের একমাত্র শিশুপার্কে শিশুদের জায়গা নেই      
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির কমিটি
পদ পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ
আবদুর রহিম
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৬:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘিরে বেড়ে গেছে নেতাকর্মীদের তৎপরতা। কাঙ্ক্ষিত পদ পেতে হাইকমান্ডের কাছে দৌড়ঝাঁপ করছেন পদপ্রত্যাশীরা। কেন্দ্রীয় নেতাদের অফিস ও বাসায় বাড়ছে নেতাকর্মীদের ভিড়। কেউ তুলে ধরছেন দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কেউবা অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকার ফিরিস্তি দিচ্ছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো আন্দোলনের ছবি, ভিডিও ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ছড়িয়ে নিজেদের সক্রিয়তার প্রমাণ তুলে ধরছেন অনেকে। মেসেঞ্জারে চলছে বিভিন্ন নথি, ছবি ও ভিডিওর চালাচালি। মহানগর বিএনপির রাজনীতিতে এখন কমিটি ঘিরে গরম হাওয়া। মাঠ পর্যায়ে বার্তা রয়েছে চলতি নভেম্বর মাস কিংবা আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝিতে কমিটি ঘোষণা হচ্ছে। 

ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী দ্রুত কমিটি সম্পন্ন করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আহবায়ক কমিটির গঠনের এক মাসের মধ্যে  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা রয়েছে। তবে এবার কমিটি গঠনে অর্থের প্রভাব, সুবিধাবাদী এবং হাইব্রিড নেতাদের অনুপ্রবেশ ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাইকমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মাঠে সাংগঠনিক নিয়ন্ত্রণ সুসংহত রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে থানা ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় নেতৃত্ব প্রতিষ্ঠা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে চায় হাইকমান্ড। 

আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর প্রচার-প্রচারণা মোকাবিলার বিষয়টিও সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে। ডিসেম্বর জুড়ে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সামনে রেখে মহানগর পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর তাগিদ রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর গত ১ নভেম্বর নতুন দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। নতুন নেতৃত্বকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বেও পুনর্বিন্যাস করা হয়েছে। 
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

উত্তরে আলোচনায় একাধিক নাম
ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, সাবেক আহ্বায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বর্তমান আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার এবং সাবেক ছাত্রনেতা মামুন হাসানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

 এ ছাড়া যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের নামও শোনা যাচ্ছে। এদিকে মোস্তফা জামান, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন এবং এস এ সিদ্দিক সাজুসহ আরও অনেকের নাম বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে। 

দক্ষিণেও পদপ্রত্যাশীদের তৎপরতা :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়েও পদপ্রত্যাশীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। আহ্বায়ক আবদুস সালামের নেতৃত্বে সাংগঠনিক কাঠামো সাজানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ, মোশাররফ হোসেন খোকন এবং মাহফুজ কবির মুক্তার নাম আলোচনায় রয়েছে।

 এছাড়া দক্ষিণের সাবেক ও বর্তমান নেতৃত্বের মধ্যে রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, কাজী আবুল বাশার এবং আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে ঘিরেও সাংগঠনিক আলোচনা চলছে।

দক্ষিণের পদপ্রত্যাশীদের অনেকে অতীতের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও প্রকাশ করছেন, কেউবা কেন্দ্রীয় নেতাদের কাছে সাংগঠনিক কার্যক্রমের বিবরণ পৌঁছে দিচ্ছেন। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এবং দুঃসময়ে দলের পাশে থাকার বিষয়টিকে নিজেদের যোগ্যতা হিসেবে তুলে ধরছেন তাঁরা।

হাইব্রিডমুক্ত কমিটি গঠনই বড় চ্যালেঞ্জ :
এবারের কমিটি গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হাইব্রিড ও সুবিধাবাদী নেতাদের অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টি। দলীয় সূত্রের দাবি, অর্থের বিনিময়ে পদ পাওয়া কিংবা রাজনৈতিক সুবিধা বিবেচনায় নতুন করে দলে সক্রিয় হওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের মূল্যায়নের নির্দেশনা রয়েছে হাই কমান্ড থেকে।

তবে কেবল অতীতের আন্দোলনে অংশগ্রহণ নয়, বর্তমান সাংগঠনিক সক্ষমতা, নেতৃত্বের যোগ্যতা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক এবং দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে পদপ্রত্যাশীদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের প্রতিযোগিতা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেঞ্জারে ছবি, ভিডিও, সংবাদ প্রতিবেদন এবং সাংগঠনিক কর্মকাণ্ডের নথি পাঠানোর প্রবণতাও বেড়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের নেতারাও জানিয়েছেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে সাংগঠনিক শূন্যতা রাখা যাবে না। থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে আংশিক কমিটিকে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ করা হবে। দলের হাইকমান্ডের নির্দেশনায় থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। সেটা চলতি নভেম্বর কিংবা ডিসেম্বরে হতে পারে। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমাদের দলীয় প্রস্তুতি চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আমাদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছি, যেভাবে আমাদের হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন। কমিটি ঘোষণার কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। কাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের দলীয় পলিসির বিষয়।’







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close