
ফাইল ছবি
বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি মাত্র শিশুপার্ক। কিন্তু সেই পার্কে শিশুদের খেলাধুলার পরিবেশ নেই বললেই চলে। খেলার সরঞ্জামে মরিচা ধরেছে, ভেঙে ফেলা হয়েছে সীমানাপ্রাচীরের একাংশ। সেই ফাঁকা জায়গা দিয়ে পেছনের বসতিতে যাতায়াত করছেন স্থানীয় লোকজন। পার্কের ভেতরে ঘুরে বেড়ায় গরু-ছাগলও। মাঝেমধ্যে সংস্কার করা হলেও নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির অবস্থার উন্নতি হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পার্কে শিশুদের খেলার জন্য রয়েছে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সিস-স। এসব সরঞ্জামের বেশির ভাগই পুরোনো ও মরিচা ধরা। কোথাও কোথাও সরঞ্জামের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো ব্যবহার করতে গিয়ে শিশুরা দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারে। পার্কের ভেতর দিয়ে স্থানীয় লোকজন চলাচল করছেন। পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের মাঝখানের একটি অংশ ভেঙে পথ তৈরি করা হয়েছে। অথচ পার্কের পাশেই রয়েছে চলাচলের সড়ক।
স্থানীয় বাসিন্দারা জানান, পার্কটি মাঝেমধ্যে সংস্কার করা হলেও কাজের ধারাবাহিকতা নেই। সংস্কারের পর কিছুদিন পরিবেশ ভালো থাকে। পরে পরিচর্যা ও তদারকির অভাবে আবার আগের অবস্থায় ফিরে যায়। শিশুদের জন্য নতুন খেলার সরঞ্জাম স্থাপন কিংবা পার্কের পরিবেশ ঠিক রাখার কার্যকর উদ্যোগও চোখে পড়ে না।
এদিকে শিশুপার্ক সংস্কার ও খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার তথ্য উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে মিজান আকন্দের ধারণ করা ‘খবর নিয়ে দেখেন কার আত্মীয় হয়’ শিরোনামের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইয়াকুব আলীকে শিশুপার্ক সংস্কারের জন্য তাঁকে ৩ টন চাল ও ৩ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। একই ভিডিওতে মো. ইব্রাহীমের নামে খেলার সরঞ্জাম কেনার জন্য আরও ৩ টন চাল ও ৩ টন গম বরাদ্দের তথ্য উল্লেখ করা হয়। সে হিসাবে দুই ব্যক্তির নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের কথা ভিডিওতে বলা হয়েছে।
তবে ভিডিওতে যাঁদের নামে বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে, সেই ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা দুজনই এ বিষয়ে অবগত নন বলে জানান। তাঁদের নামে বরাদ্দের তথ্য প্রচারিত হলেও বরাদ্দ কিংবা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম সম্পর্কে তাঁরা জানেন না বলে দাবি করেন। ফলে বরাদ্দের তথ্য এবং এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বরাদ্দের কথা জানা গেলেও পার্কটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। শিশুদের জন্য নতুন খেলার সরঞ্জামও স্থাপন করা হয়নি। বরাদ্দের বিপরীতে কী কাজ হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের উচাছে মার্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি। ফলে বরাদ্দসংক্রান্ত নথি ও কাজের অগ্রগতি সম্পর্কে জেলা পরিষদের বক্তব্য পাওয়া যায়নি।
আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজশিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, একটি শিশুপার্ক শুধু বিনোদনের জায়গা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। আলীকদমের মতো পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। অথচ একমাত্র পার্কটির এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। মাঝেমধ্যে সংস্কার করলেই দায়িত্ব শেষ হয় না, নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পার্কটি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, ছোটবেলা থেকেই শিশুপার্ককে শিশুদের আনন্দ ও বিনোদনের জায়গা হিসেবে জেনে এসেছেন তাঁরা। কিন্তু আলীকদমের একমাত্র শিশুপার্কের বর্তমান অবস্থা হতাশাজনক। যেখানে শিশুদের খেলাধুলা করার কথা, সেখানে গরু-ছাগল ঘুরে বেড়ায়, মানুষ চলাচলের পথ হিসেবে ব্যবহার করে। ছোট ভাইবোনদের বিনোদনের জন্য পার্কটি দ্রুত সংস্কার করে শিশুদের উপযোগী করার দাবি জানান তিনি।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, আলীকদমের একমাত্র শিশুপার্কটি শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। পার্কটির বর্তমান অবস্থা সম্পর্কে তাঁরা অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। পার্কটি যেন গবাদিপশুর বিচরণক্ষেত্র কিংবা সাধারণ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আলীকদমে শিশুদের বিনোদনের জন্য বিকল্প কোনো পার্ক নেই। তাই একমাত্র শিশুপার্কটি সংস্কার, নতুন খেলার সরঞ্জাম স্থাপন, সীমানাপ্রাচীর মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা জরুরি। তাঁদের প্রশ্ন, শিশুদের বিনোদনের জন্য বরাদ্দের তথ্য থাকার পরও পার্কটির এই বেহাল দশা কেন?