
ফাইল ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতে বীচ কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউবাগানের গাছ কাটার ঘটনায় নতুন করে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। কার নির্দেশে সৈকতের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল হিসেবে পরিচিত ঝাউগাছ কেটে কার্নিভালের আয়োজন করা হচ্ছে এ প্রশ্ন তুলেছেন পরিবেশসচেতন ব্যক্তিরা। তাঁদের মতে, পর্যটকদের বিনোদন ও আকর্ষণ বাড়ানোর জন্য আয়োজিত একটি উৎসবের কারণে কেন সৈকতের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত করতে হবে?
পরিবেশসচেতন মহলের দাবী, বীচ কার্নিভাল আয়োজন নিয়ে তাঁদের আপত্তি নেই। আপত্তি হচ্ছে আয়োজনের স্থান নির্বাচন এবং এর জন্য ঝাউগাছ কাটার সিদ্ধান্ত নিয়ে। শহর কিংবা সৈকতসংলগ্ন অন্য কোনো উন্মুক্ত স্থানে আয়োজনের সুযোগ থাকা সত্ত্বেও কেন ঝাউবাগানের ভেতরে কার্নিভাল করতে হবে, তার ব্যাখ্যা চান তাঁরা।পরিবেশবিদদের মতে, ঝাউবাগান কেবল সৈকতের সৌন্দর্যবর্ধন করে না উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, বালু ধরে রাখা এবং বাতাসের গতি কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখে। এসব গাছ নির্বিচারে কাটা হলে সৈকতের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় সুরক্ষা দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়তে পারে।
পরিবেশসচেতন ব্যক্তিদের প্রধান প্রশ্ন, ঝাউগাছ কাটার নির্দেশ দিয়েছেন কে? জেলা প্রশাসন, কার্নিভালের আয়োজক নাকি অন্য কোনো সংস্থা কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সৈকতের এই প্রাকৃতিক সম্পদ অপসারণ করা হচ্ছে?
গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে কি না, কতটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে, কারা গাছ কাটার কাজ বাস্তবায়ন করছে এবং এ বিষয়ে কোনো পরিবেশগত মূল্যায়ন হয়েছে কি না—এসব তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।তাঁদের মতে, সরকারি বা বেসরকারি যে কোনো আয়োজনের জন্য উপকূলীয় এলাকার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হলে তার যৌক্তিকতা ও অনুমোদনের বিষয়টি স্বচ্ছ হওয়া জরুরি। বিশেষ করে কক্সবাজারের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় এ ধরনের সিদ্ধান্তের জবাবদিহি থাকতে হবে।
সমালোচকদের প্রশ্ন, বীচ কার্নিভালের মতো বড় আয়োজনের জন্য শহরের উন্মুক্ত স্থান কিংবা সৈকতসংলগ্ন অন্য কোনো জায়গা বিবেচনা করা হয়েছিল কি না। বিকল্প স্থান থাকা সত্ত্বেও ঝাউবাগানকে কেন বেছে নেওয়া হলো? ঝাউগাছ না কেটেও কি আয়োজনটি করা সম্ভব ছিল না?তাঁদের মতে, কয়েক দিনের উৎসবের জন্য বছরের পর বছর ধরে বেড়ে ওঠা গাছ কেটে ফেলা কোনোভাবেই দীর্ঘমেয়াদি পর্যটন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। পর্যটন আকর্ষণ বাড়ানোর উদ্যোগ নিতে গিয়ে যদি সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ক্ষতি হয়, তাহলে সেই উদ্যোগের সুফল নিয়েও প্রশ্ন থেকে যায়।
এদিকে কার্নিভাল আয়োজনের আড়ালে সৈকতসংলগ্ন ঝাউবাগান ও আশপাশের জমির ভবিষ্যৎ ব্যবহার পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তাঁদের আশঙ্কা, বড় আয়োজনের সুযোগে এসব জমি অন্য কাজে ব্যবহারের পথ তৈরি হতে পারে। তবে জমি দখল কিংবা ভাগবাঁটোয়ারার কোনো পরিকল্পনা রয়েছে—এমন অভিযোগের পক্ষে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।তাঁরা বলছেন, কার্নিভাল আয়োজনের জন্য ব্যবহৃত জমির মালিকানা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
ঝাউগাছ কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গাছ কাটার আগে পরিবেশগত প্রভাব যাচাই করা হয়েছে কি না, সংশ্লিষ্ট কোনো ছাড়পত্র বা অনুমোদন রয়েছে কি না এবং উপকূলীয় প্রতিবেশের ক্ষতি এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এসব বিষয় জানতে চান পরিবেশসচেতন ব্যক্তিরা।
তাঁদের দাবি, গাছ কাটার অনুমোদন, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের পরিচয়, পরিবেশগত মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত গাছের বিপরীতে পুনর্বনায়নের পরিকল্পনা থাকলে তা প্রকাশ করতে হবে।পরিবেশসচেতন মহলের বক্তব্য, তাঁরা বীচ কার্নিভালের বিরোধিতা করছেন না; বরং চান, উৎসব হোক পরিবেশবান্ধব উপায়ে। পর্যটন উন্নয়নের নামে সৈকতের প্রাকৃতিক সুরক্ষা ধ্বংস করা হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
কক্সবাজারের সমুদ্রসৈকত দেশের অন্যতম প্রধান পর্যটন সম্পদ। এই সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও ঝাউবাগান রক্ষা করা শুধু পরিবেশবাদীদের দাবি নয়, ভবিষ্যৎ পর্যটনশিল্পের স্বার্থেও গুরুত্বপূর্ণ।
তাই এখন জনমনে একটাই প্রশ্ন কার নির্দেশে ঝাউগাছ কেটে বীচ কার্নিভালের আয়োজন করা হচ্ছে, কে দিল গাছ কাটার অনুমতি এবং এর পরিবেশগত ক্ষতির দায় নেবে কে? এসব প্রশ্নের জবাব দিতে জেলা প্রশাসন, কার্নিভালের আয়োজক ও পরিবেশ অধিদপ্তরের স্পষ্ট বক্তব্য দাবি করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।