
সংগৃহীত ছবি
রংপুর পলাশবাড়ি মহাসড়ক হতে প্রায় ২২ কি. মি. পূর্বে গাইবান্ধা হতে ৫ কি.মি. দক্ষিণে সরকারি কলেজ রোড পেরিয়ে রাধাকৃষ্ণপুর নামক স্থানে প্রায় ১৯.২ একর জমির উপর ২০১৬ সালে মনোরম ও নৈসর্গিক দৃশ্যে অপরূপ শোভাময় ইকো ফ্রেন্ডলি রিসোর্টটি স্থাপতি।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য সমন্বয় গাইবান্ধার এসকেএস রিসোর্ট। শহরের ব্যস্ততা, যান্ত্রিক জীবন আর কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে একটু প্রশান্তির খোঁজে যারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, তাদের জন্য আকর্ষণীয় এই রিসোর্ট। যা উত্তর জনপদের এক অপূর্ব মেলবন্ধন। ফোর স্টারমানের রিসোর্টটি ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষনীয় গন্তব্যে পরিণত হয়েছে।
ভোরে ও সন্ধ্যায় পাখির কিচির মিচির, সবুজের সমারোহ মনোরম পরিবেশ এবং নান্দনিক অবকাঠামোতে সাজানো রিসোর্টটি যেন প্রকৃতিতে একটু শান্তির ঠিকানা। পরিবার পরিজন বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এখানে আসে নানা বয়সের অতিথি। রিসোর্ট কেন্দ্রটি স্থানীয় পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরী করেছে।
এখানকার আয়োজন যে-কোন অতিথিদের মন কেড়ে নেয়। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি ও স্বীকৃতি লাভ করেছে। সব মিলিয়ে নির্মল, স্নিগ্ধতা আর আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা এসকেএস ইন রিসোর্ট শুধু বিনোদনের স্থান নয় বরং আনন্দ প্রশান্তির এক টুকরো ঠিকানা।
বিশেষ করে ছুটির দিন ও বিভিন্ন উৎসব উপলক্ষে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রিসোর্ট প্রাঙ্গণ। প্রকৃতির কাছাকাছি থেকে স্বস্তির সময় কাটানের পাশাপাশি ছবি তোলা, খোরাঘুরি ও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন আগতরা।
রিসোর্টের চারপাশ পাকা বাউন্ডারি বেষ্টিত, সিসি ক্যামেরা দ্বারা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রিসোর্টের প্রবেশ করতেই চোখে পড়বে সবুজ আর দৃষ্টিনন্দন সৃষ্টি। দেশি-বিদেশী নানা জাতের ফুল ও ফল ও সবুজ সজ্জিত চারিপাশ। রিসোর্ট অঙ্গনে রয়েছে ঝুলন্ত ব্রিজ, পুকুর ও লেক, যেগুলোর চারপাশে রয়েছে ওয়াকওয়ে। লেকের পানিতে হাঁস ও মাছ আকৃতির কালারফুল বোটে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে।
অতিথিদের থাকার জন্য ডিলাক্স রুম, ফ্যামিলী রুম, টুইন রুম, ওয়াটার ভিলা, গার্ডেন ভিলা, লেকফ্রন্ট ভিলা, ফ্যামিলি ভিলা, স্যুনা ও স্ট্রীম বার্থ ছাড়াও মিনি চিড়িয়াখানা রয়েছে। ভিলা ২২টি, ডিলাক্স রুম ৫৭টি- এখানে একই সঙ্গে ১৫০ জন লোক থাকার সু-ব্যবস্থা রয়েছে।
সুইমিং, সাইক্লিং, কিড্স জোন, ব্যাডমিন্টন, বোটিং, বাস্কটেবল ও জিমনেসিয়াম রয়েছে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে নিয়মিত বাউল গানের আসর।
নতুন সংস্করণে সেমিনার, পিকনিক কিংবা বড় কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে সু-ব্যবস্থা। জানুয়ারী ২০২৭ সালে চালু হবে একই সঙ্গে ১৫০ জন ক্যাপাসিটির একটি আধুনিক মাল্টিকুজেন রেস্টুরেন্ট এবং ৫০০ আসনের একটি বলরুম। প্রায় ১শ’ ৫০ প্রজাতির ফুল, ফল, কাঠের গাছ সম্বলিত এখানকার প্রকৃতি ও পাখির অভয়ারণ্য মনকাড়া দৃশ্য যে কোনো অতিথিকে অভিভুত না করে পারে না।
রিসোর্টটির মনোরম ল্যান্ডস্কেপ ও রিসোর্ট লেআউট পরিকল্পনা এসকেএস ফাউন্ডেশনের নিজস্ব স্ট্রাকচারাল ডিজাইনটি দেশের অভিজ্ঞ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
প্রাকৃতিক, সুবিশাল লেক, পানির সহজলভ্যতা, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (STP), ওয়ার ট্রিটমেন্ট প্লান্ট (WTP) থাকায় দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে হসপিটালিটি ইন্ড্রাস্ট্রির সর্বোচ্চ অ্যাওয়ার্ড এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশ ট্রাভেল ট্যুরিজম এন্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৬ (BTTHA) লিডিং হোটেল রিসোর্ট ইন নর্থ বেঙ্গল লাভ করে। এসকেএস রিসোর্ট প্রকৃতির মাঝে আধুনিকতার এক অনন্য মিলনমেলা এবং পর্যটন শিল্প সম্ভাবনার একটি উল্লেখযোগ্য নাম।
অতিথি আহমাদুল হক জানান, একটি সরকারি সফরের অংশ হিসেবে একটি দলের সঙ্গে এই রিসোর্টে এক রাত থাকার সুযোগ হয়েছিল। আমি এখানে লেকফ্রন্ট ভিলাতে অবস্থান করেছি। প্রকৃতির সঙ্গে গাছপালা ও অন্যান্য প্রাকৃতিক উপাদানে এত সুন্দর সমন্বয়ে একটি রিসোর্ট কিভাবে গড়ে তোলা যায়, তা এই জায়গায় না এলে কল্পনা করাও কঠিন। রেষ্টুরেন্টের খাবারের মান অনেক ভাল, কর্মীদের আন্তরিকতা ও সেবারমান আমাকে অভিভূত করেছে। পারিবারিক ভ্রমণ কিংবা মাঝারি আকারের কর্পোরেট অনুষ্ঠানের জন্য আমি এই জায়গাটি অবশ্যই সুপারিশ করব।
এসকেএস ইন রিসোর্ট গাইবান্ধার সহকারি ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং ও ব্রান্ডিং) শাহরিয়ার পলাশ জানান, পর্যটন বিকাশে অবদান রাখছে এসকেএস ইন রিসোর্ট। রিসোর্টটি শুধু অবকাশ যাপনের একটি স্থান নয়, এটি প্রকৃতি ও আধুনিক আতিথেয়তার সমন্বয়ে গড়ে ওঠা একটি পরিবেশবান্ধব চার তারকা বিশিষ্ট রিসোর্ট। দেশের পর্যটন খাতের বিকাশে এই রিসোর্টটি উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরছে। পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক অর্থনীতিতে অবদান এবং দেশীয় পর্যটকদের নিজ দেশেই মানসম্মত অবকাশ যাপনের সুযোগ তৈরি করছে। আমরা বিশ্বাস করি, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।
হেড অব এসকেএস এন্টারপ্রাইজ মো: আবু সাঈদ এ প্রতিবেদককে জানান, ট্রের্নিং সেন্টার হিসেবে এটি যাত্রা শুরু করে। ৩২ জন কর্মী নিয়ে শুরু হয় এই সেন্টারটি। এখন শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে ৫ বার সেরা করদাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছে রিসোর্টটি। ভবিষ্যতে ৫ তারকা করার পরিকল্পনা রয়েছে। আয়ের অংশ থেকে সেবা খাতে ব্যয় হয়। একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গাইবান্ধাকে রিপ্রেজেন্ট করাই আমাদের লক্ষ্য। সরকার ও জনগণের কাছে সহযোগিতা একান্ত কাম্য।
এসকেএস রিসোর্টের জেনারেল ম্যানেজার সামুয়েল হিলারী শহরের কোলাহল ও যান্ত্রিকতা থেকে মনোরম প্রকৃতি ও দৃষ্টিনন্দন এসকেএস রিসোর্টে অতিথিদেরকে আসার জন্য আমন্ত্রণ জানান।