প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি
ম্যাচের শুরুতে দুই গোলের ধাক্কা, বিরতির আগে এক গোল শোধ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তের এক আঘাতে সব স্বপ্ন ভেঙে দিল জাপান।
৯০ মিনিটে তাতসুহিরো সাকামোতোর গোলেই নিশ্চিত হলো ব্রাজিলের বিপক্ষে জাপানের ৩-২ গোলের রোমাঞ্চকর জয়। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি জিতে বিশ্বকাপের হারের প্রতিশোধও নিল সূর্যোদয়ের দেশটি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ১৫ মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাকেফুসা কুবো। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে জাপান। চার মিনিট পরই জালের দেখা পান মিডফিল্ডার কেইতো নাকামুরা। তাতে শুরুতেই দুই গোলের লিড পেয়ে যায় ব্লু সামুরাইরা।
দুই গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। গোলের জন্য একের পর এক চেষ্টা চালালেও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। অবশেষে ৩৩ মিনিটে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রুনো গিমারায়েসের বাড়ানো পাস ধরে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তাতে ম্যাচে ফেরার আশা জাগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দুর্দান্ত শটে চোখ ধাঁধিয়ে দেন ভিনিসিয়ুস।
প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। জাপানের গোলপোস্টে সাতটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র তিনটি। অন্যদিকে প্রতিপক্ষকে চাপে রাখতে শারীরিক ফুটবলের আশ্রয় নেয় জাপান। প্রথম ৪৫ মিনিটেই ১২টি ফাউল করে তারা। বিপরীতে ব্রাজিলের ফাউল ছিল মাত্র দুটি।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। অবশেষে ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কার্লো আনচেলত্তির দল। এবারও গোলের নেপথ্যে সেই ব্রুনো গিমারায়েস, তার পাস থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। এবারও বক্সের বাইরে থেকে শট নিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ সুপারস্টার। তাতে ২-২ সমতায় ফেরে ব্রাজিল।
ম্যাচের বাকি সময় দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে দুই দলকে। কিন্তু শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা তাতসুহিরো সাকামোতো সব হিসাব পাল্টে দেন। ৯০ মিনিটে তার গোলেই আবার এগিয়ে যায় জাপান। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
এই জয়ের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের আরেকটি প্রমাণ দিল জাপান। গত জুনে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল আনচেলত্তির দল। এবার সেই হারের জবাব দিল ব্লু সামুরাইরা। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েও চমক দেখিয়েছিল তারা।
ব্রাজিলের বিপক্ষে জাপানের এই জয় তাই কেবল একটি প্রীতি ম্যাচের ফল নয়, বরং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসেরও প্রতিফলন। অন্যদিকে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করায় হতাশ হতে হচ্ছে ভিনিসিয়ুসদের।