প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি
নরসিংদীর শিবপুরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা একটি বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার শিবপুর বাসস্ট্যান্ডের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
বাসের মালিক তমিজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে বাসটি সারিবদ্ধভাবে রাখা ছিল। রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হঠাৎ অগ্নিকাণ্ডের এই ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী মাদরাসার সিসি ক্যামেরায় দুর্বৃত্তদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।