প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর গলাচিপায় নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হাওলাদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের হারুন অর রশীদ মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তিনি হাসান হাওলাদার ও রেহেনা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন সাব্বির। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই মো. রাতুল জানান, তারা একসঙ্গে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ হাত দূরে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, নলকূপ স্থাপনের কাজ চলাকালে বিদ্যুৎ সংযোগযুক্ত কভার খোলা তারের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিকটাত্মীয়রা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।