প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. সিরাজ মোল্লা। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের নিষিদ্ধ কমিটির সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনার পর থেকে দপদপিয়া এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার স্বজন ও সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় আমাদের গাড়ি ভাঙচুর করা হয়।’
ওসি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।