প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম

সংগৃহীত ছবি
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বর্তমান সময়ে দেশ গঠনে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।