প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম

প্রথমবারের মতো দেশের সব উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর আয়োজিত এ মহাসমাবেশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য।
উপজেলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের মোট সংখ্যা ৬১ জন। তাঁদের মধ্যে ৫৮ জন মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গেছেন। অসুস্থতার কারণে তিনজন গ্রাম পুলিশ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে এ আয়োজনে অংশ নিতে পারেননি।
গ্রাম পুলিশ সদস্যরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠপর্যায়ে সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রক্ষায়ও তাঁরা কাজ করেন।
দেশের বিভিন্ন প্রান্তের গ্রাম পুলিশ সদস্যদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এ মহাসমাবেশকে ঘিরে রাজারহাটের অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন আয়োজনে অংশ নেওয়াকে তাঁরা বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি