
আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। কম খরচে অধিক ফলন, জমির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ এবং সেচের পানির সাশ্রয়ের সুবিধা থাকায় এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা বিশেষ করে সবজি চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করছেন।
মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের এটি একটি আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি। জমি ভালোভাবে প্রস্তুত করে বেড তৈরি করার পর তা বিশেষ ধরনের পলিথিন শিট দিয়ে ঢেকে দেওয়া হয় এবং নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির চারা রোপণ করা হয়। এ পদ্ধতিতে মাটির আর্দ্রতা দীর্ঘদিন সংরক্ষিত থাকে, আগাছার উপদ্রব থাকে না এবং অতিরিক্ত পানি সহজেই বেডের দুই পাশ দিয়ে নিষ্কাশিত হয়ে যায়। এ ছাড়া পলিথিনের প্রতিফলিত আলো সবজি গাছের পাতার নিচে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকামাকড় ও তাদের ডিম দূর করতে দারুণ ভূমিকা রাখে। এতে কীটনাশকের ব্যবহার কমে এবং তুলনামূলক কম খরচে নিরাপদ ও সতেজ সবজির বাম্পার ফলন পাওয়া সম্ভব হয়।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে টমেটো সহ বিভিন্ন সবজি। এই পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজির ফলন ও দাম ভালো পাওয়ায় উৎসাহিত হচ্ছেন স্থানীয় অনেক কৃষক।
জেলার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে ঘুরে দেখা যায়, বিস্তৃর্ণ দিগন্তজোড়া সবজি ফসলের মাঠ। বেগুন, করলা, খিরা, পটোল, কাকরোলসহ বিভিন্ন ধরনের সবজিতে মাঠ পরিপূর্ণ। অথচ আগে শ্রাবণের ওই সময় সবজির চাষ তেমন দেখাই যেত না। ফলে সবজির দাম বেড়ে যায়। কারণ, বৃষ্টির পানি পড়লে সবজিখেত নষ্ট হয়ে যায়। গোড়া পচে সবজির গাছ মারা যায়। ফলে এই সময়ে ফসলের মাঠ থাকে প্রায় ফাঁকা। অথচ এখন গ্রামে গিয়ে দেখা যায় ভিন্নচিত্র। মাঠভরা ফসল থাকার কারণ একটাই, মালচিং পদ্ধতিতে সবজির আবাদ।
প্রথম দিকে লোকজন এই পদ্ধতি মেনে নিতে পারতেন না। তাঁরা এটিকে ঝামেলা মনে করতেন। কিন্তু এই পদ্ধতিতে চাষের সাফল্য দেখে অনেকেই মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকেছেন। এখন প্রায় এলাকার অনেক কৃষক মালচিং পদ্ধতি ব্যবহার করছেন।
কৃষকদের মতে, প্রচলিত পদ্ধতির তুলনায় মালচিং পদ্ধতিতে পরিচর্যার ঝামেলা কম। বিশেষ করে শুষ্ক মৌসুমে জমিতে পানির প্রয়োজনীয়তা কমে আসায় সেচ খরচও সাশ্রয় হয়। ফলে উৎপাদন খরচ কমিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষিবিদের মতে,সবজিতে মালচিং পদ্ধতি ব্যবহার করলে ২০ শতাংশ শ্রমিক ও ৩০ শতাংশ রাসায়নিক সার কম লাগে। আবহাওয়ার তারতম্যের ওপর ভিত্তি করে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে মালচিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ পদ্ধতি সম্পর্কে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ, উন্নতমানের মালচিং পেপার সহজলভ্য করা এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ নিশ্চিত করা জরুরি।
কৃষকদের মধ্যে এ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো গেলে পঞ্চগড়ের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলার অনেক কৃষক মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন। তাঁদের সাফল্য দেখে স্থানীয় আরো অনেক কৃষক এই পদ্ধতিতে সবজি চাষ করেছেন। কম উৎপাদন খরচে বেশি লাভ হওয়ায় মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকেছেন চাষিরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাঙাপাড়া গ্রামের কৃষক মুক্তা বলেন, গতবছর ৫০ শতক জমিতে করলা চাষ করেছিলাম। করলা বিক্রি করে খরচ বাদে প্রায় ৬০ হাজার টাকা লাভ করেছি। চলতি বছরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছি।আশা করছি লাভবান হবো।
জেলার সদর উপজেলার বোদাপাড়া গ্রামের কৃষক জয়নুল বলেন, শ্রাবণ মাসের ওই সময়ে ফসলের মাঠে পানি জমে সবজির গোড়া পচে গাছ মারা যায়। কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহার করলে গাছের গোড়ায় পানি জমতে পারে না। পলিথিন দিয়ে সবজির বেড ঢাকা থাকার কারণে আগাছাও জন্মাতে পারে না।পোকামাকড়ের আক্রমণ কম থাকে। এতে ওষুধ ছিটানো লাগে কম। শ্রমিক খরচ বেঁচে যায়। যে কারণে উৎপাদন খরচ কম হয়। গাছের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং ফলন বৃদ্ধি পায়।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে পরিবেশবান্ধব ও সহজলভ্য পদ্ধতিতে সবজি চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মালচিং পদ্ধতি আমাদের দেশে আনা হয়েছে। আর মালচিং অত্যন্ত সহজলভ্য, লাভজনক ও বিষমুক্ত সবজি চাষের একটি অন্যতম পদ্ধতি। এটি মূলত বিদেশি একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সবজি চাষ করলে লাভ হবে অনেক বেশি। ইতিমধ্যেই স্থানীয় অনেক কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী কৃষকদের আমরা সার্বিক সহযোগিতা প্রদান করছি।
স্বদেশ প্রতিদিন/এস পি