প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৬:৩৬ PM

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ৪টি নৌকা ও ৬টি ট্রলার প্রকাশ্য নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৬টি ট্রলার ও ৪টি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী জব্দকৃত এসব নৌযান প্রকাশ্য নিলামে তোলা হয়, যার মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৬২ হাজার ১০০ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, “মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল ও মাছ ধরার নৌযান জব্দ করা হয়। আজ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত নৌকা ও ট্রলারগুলো নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।”
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে দুমকির পায়রা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ