প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকার ‘কাশ্মীর গ্রুপ’ নামক প্রতিষ্ঠানে গত সোমবার দিবাগত রাতে সংঘটিত এই সশস্ত্র ডাকাতিতে নগদ টাকা ও মূল্যবান তামার তারসহ প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
প্রতিষ্ঠানের ম্যানেজার ও মামলার বাদী মো. মারুফ হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ২টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হেলমেট ও মাথায় কালো কাপড় পরে প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় তাদের প্রত্যেকের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোটার মতো দেশীয় মারাত্মক অস্ত্র ছিল। তারা বাউন্ডারি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেই অতর্কিত তাণ্ডব শুরু করে। ডাকাত দল ভেতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা ৬ জন সিকিউরিটি গার্ড, ৪ জন ম্যানেজার ও ৪ জন মেশিন অপারেটরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরবর্তীতে তাদের হাত-পা বেঁধে ভেতরের একটি কক্ষে আটকে রাখা হয় এবং সবার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
কর্মচারীদের জিম্মি করার পর ডাকাত দল মূল গেট খুলে একটি পিকআপ ভ্যান ভেতরে প্রবেশ করায়। এরপর তারা ক্যাশ সেকশনের দুটি সিন্দুক ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। শুধু নগদ অর্থই নয়, প্রতিষ্ঠানের ভেতরে থাকা ১ কোটি টাকা মূল্যের ৫ হাজার কেজি তামার তার, ৭৫ হাজার টাকার দুটি সিসি ক্যামেরা, ৫৫ হাজার টাকার সিসি ক্যামেরা এনবিআর, ৩৫ হাজার টাকার একটি কম্পিউটার পিসি, ১ লাখ ২০ হাজার টাকার ৮টি স্মার্টফোন এবং ৭ লাখ ৭৫ হাজার টাকার ৫০০ কেজি কপার পাইপসহ সর্বমোট ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার মালামাল লুট করা হয়। সবকিছু পিকআপ ভ্যানে লোড করে ভোর ৪টা ২০ মিনিটের মধ্যেই ডাকাত দলটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এদিকে, চাঞ্চল্যকর এই ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ