প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর জেলার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুর জেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
অভিযানে ৫ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, সাতটি নৌকা জব্দ এবং প্রায় ৮০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০ জন আসামির বিরুদ্ধে মৎস্য আইনে ১০টি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ১২ জন আটক ব্যক্তিকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহেদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ