প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’।
বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. অপু সরোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি (ইউএইচ অ্যান্ড এফপিও) ডা. ভূপেন মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহআলম সিকদার, সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ছোঁয়াচে রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। সুস্থ ও নতুন প্রজন্ম গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শিশুদের হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ