প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে নিহত ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তার (২৭) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার বাইতুর রব জামে মসজিদসংলগ্ন মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিনবাহী গাড়িটি তাঁর জন্মস্থান পিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
নিহত নাসরিন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী এবং আশুলিয়ার ‘স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের’ শিক্ষিকা ছিলেন।
এর আগে, কক্সবাজারে দীর্ঘ আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে বুধবার সকালেই শিক্ষিকা নাসরিনের মরদেহ আশুলিয়ার নিরিবিলি এলাকায় তাঁর পরিবারের কাছে নিয়ে আসা হয়। কফিনটি এলাকায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজন, এলাকাবাসী ও সহকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
মরহুমার শেষ ইচ্ছা পূরণের কথা জানিয়ে তাঁর মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল লিজন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ায় প্রথম জানাজা শেষে আমরা মরদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার তালতলা বেতমোর ইউনিয়নে রওনা হয়েছি। আমার ভাগ্নির শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পর যেন তাঁকে তাঁর দাদার কবরের পাশেই শায়িত করা হয়। আমরা সেখানেই তাঁকে দাফন করার প্রস্তুতি নিচ্ছি।
তরুণ এই স্কুলশিক্ষিকার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ