প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে ফজলুর রহমান তাঁর সহযোগী নজরুল, মনিরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে আশিকুর রহমানের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন আশিকুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ