প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা ও পাঞ্জাবিসহ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা হলরুমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, উপদেষ্টা ও সাংবাদিক রবিউল আলম ফরাজী, উপদেষ্টা ও ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক, চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, প্রধান শিক্ষক শেখ এনামুল হক রনি, প্রভাষক এটিএম হুমায়ুন কাদির কামাল, প্রভাষক এনায়েত করিম ভূঞা, সাংবাদিক বিল্লাল হোসেন, এ হান্নান আল আজাদসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মোহাম্মদ শামছুল হক আকন্দ ভিডিও কলে সবার উদ্দেশ্যে বলেন, আমি মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চাই। যারা পড়াশোনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের জন্য স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও কোরআন শরীফ এবারের মতো সবসময় বিতরণ করতে চাই।
এনামুল হক বাবুল বলেন, নান্দাইলে একমাত্র মানবিক সংগঠন হিসেবে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। এই সংগঠনের শুরু থেকেই এখন পর্যন্ত আছি। রিপনের মানবিক কাজের পাশে সবসময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে, ইনশাআল্লাহ।
রবিউল আলম ফরাজী বলেন, মানবিক রিপন বহুদিন ধরেই মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে নান্দাইলের অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। মানবিক রিপনের কাজকে উৎসাহিত করে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। এছাড়া তাঁর কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা রিপনের মানবিক কাজের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব।
মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের দশ বছর পূর্তি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ, স্কুল ড্রেস, পায়জামা ও পাঞ্জাবিসহ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ