প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে নতুন এক অধ্যায় যুক্ত হলো। এবার কুমিল্লা থেকেই কক্সবাজার যাত্রার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মধ্য দিয়ে রেল যোগাযোগে যুক্ত হলো নতুন সম্ভাবনা।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের প্রথম যাত্রার উদ্বোধন করা হয়। নতুন এই রেলসেবা কুমিল্লা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজারগামী ট্রেনের এই রুট সম্প্রসারণে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কুমিল্লা ও আশপাশের এলাকার যাত্রীদের সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। নতুন এই রেলসেবাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও নতুন প্রত্যাশা।
স্বদেশ প্রতিদিন/এস পি