ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে আঙ্গারিয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনে এসেছি। সনাতনী সম্প্রদায় এ দেশের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছরের ঐতিহ্যবাহী এই সম্প্রীতির বন্ধনকে অক্ষুণ্ণ রেখে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে বাস করতে হবে।
খাদ্যমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের সময় আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিএনপি সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, এই দুর্গাপূজার উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমাদের এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই বাংলাদেশের আসল শক্তি। সনাতনী সম্প্রদায় কেবল এ দেশের নাগরিকই নন, এ দেশের স্বাধীনতা ও সংস্কৃতি অর্জনের অংশীদার।
আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ যুক্ত করে মন্ত্রী আরও বলেন, প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও দলের জন্য নিবেদিতপ্রাণ এমন ব্যক্তিকে আপনারা বেছে নেবেন। কোনো সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি দিয়ে উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার পপি, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ. এফ. এম. নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ