প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাটে দুই শতাধিক বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুই শতাধিক বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ অক্টোবর, সোমবার রাতে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনের ব্যবস্থাপনায় উপজেলার সাতটি ইউনিয়নের অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করা।
বস্ত্র বিতরণের এ উদ্যোগে স্থানীয় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ