প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ রশিদ উল্ল্যাহ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও সংশ্লিষ্ট একটি ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেগমগঞ্জ মডেল থানাধীন দরবেশপুর এলাকায় সাবিক সিএনজি পাম্পসংলগ্ন মাইজদী রোডের পূজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় রশিদ উল্ল্যাহর কাছ থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা, যার ওজন ৩৬৬ গ্রাম, এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ উল্ল্যাহ জানান, তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে ইয়াবা নিয়ে সুবর্ণচরের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় সুবর্ণচরের মাদক কারবারি হিসেবে পরিচিত কালা আজাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার রশিদ উল্ল্যাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
স্বদেশ প্রতিদিন/এস পি