প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম

চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের নিয়মেই বিভিন্ন ধরনের ভাতা পাবেন তাঁরা।
অর্থ বিভাগের ১৯ অক্টোবরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের ভিত্তিতেই আগের হারে ভাতা দেওয়া হবে। নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
পরিকল্পনা অনুযায়ী, নতুন কাঠামোর মূল বেতন তিন ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬, দ্বিতীয় ধাপ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ এবং তৃতীয় ধাপ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। সংশোধিত কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি।
এদিকে, সরকারি আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য তথ্য দেওয়ার কার্যক্রম ৫ অক্টোবর শুরু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের বেতন দেওয়ার সময় মূল বেতনে বাড়তি অর্থ যুক্ত হতে পারে। তবে ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি