প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বরমাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
দীর্ঘদিন পর দুর্গম এলাকায় চিকিৎসাসেবার এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাড়া পড়ে। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ ও চর্মরোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সেনাবাহিনীর চিকিৎসকদের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা দুজন বিশেষজ্ঞ চিকিৎসকও সেবা দেন। দুর্গম যোগাযোগব্যবস্থা ও সীমিত স্বাস্থ্যসেবার কারণে ভোগান্তিতে থাকা চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের জন্য এ উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়েছে।
চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সবিজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বরমাছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বরমাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।
লেফটেন্যান্ট কর্নেল খান সবিজুল ইসলাম বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা যাতে সহজে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সে জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকা এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি