প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম আলাদা হলেও রাষ্ট্র সবার এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।’ রাষ্ট্রের দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব আন্দোলনে ধর্মীয় পরিচয় নয়, মানুষের অধিকারই ছিল মুখ্য।
তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। দেশের পরিবর্তন ও উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব নাগরিকই উপকৃত হবেন। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি সবাইকে মানুষ ও বাংলাদেশের নাগরিক হিসেবে একে অপরকে বিবেচনা করার আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি