প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর মাধ্যমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। ইশরাকের পদত্যাগের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরদিন মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান।
স্বদেশ প্রতিদিন/এস পি