প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৬ AM

পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ৭৩৬টি থানার কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব গাড়ি ব্যবহার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানিয়েছে, এ জন্য দুটি প্রকল্প নেওয়া হয়েছে, যা আগামী ২৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।
প্রথম প্রকল্পে ৪ হাজার ৩২৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং দ্বিতীয় প্রকল্পে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব করা হয়েছে। বিশেষায়িত গাড়ির মধ্যে রয়েছে রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, অল টেরেইন ভেহিক্যাল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার ও ক্রাইম সিন ভ্যান। নৌপথে টহল, উদ্ধারকাজ ও নিরাপত্তা জোরদারে স্পিডবোট এবং কান্ট্রি বোট কেনারও পরিকল্পনা রয়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৬৩৯টি প্রশাসনিক থানায় পুলিশের যানবাহন রয়েছে মাত্র ১ হাজার ২৩৭টি। এর মধ্যে ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি। ফলে টহল, অভিযান ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সমস্যা হচ্ছে। এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশের ৪৫৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া এবং ১ হাজার ৭৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও বেড়েছে। গত ১৫ অক্টোবর পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) প্রস্তাব দুটি পর্যালোচনা করে ব্যয় নির্ধারণ, সরকারি ক্রয়বিধি অনুসরণ এবং গাড়ির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার সুপারিশ করেছে। অনুমোদন পেলে ২০২৯ সালের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি