প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রক্রিয়ার মধ্যে সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট কিছু ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন বেতনকাঠামোর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক ভাতাগুলো আপাতত ২০২৬ সালের ৩০ জুনে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হবে।
রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে ভাতা পান, কিন্তু সেসব ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা আগের মূল বেতনের ভিত্তিতেই নির্ধারণ করতে হবে।
দীর্ঘ ১১ বছরের ব্যবধানে গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের কথা রয়েছে। তবে নতুন মূল বেতন সমন্বয়ের প্রক্রিয়া চললেও এর আওতাবহির্ভূত শতাংশভিত্তিক ভাতার হিসাব আপাতত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতন অনুযায়ী বহাল থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি