প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল ও ধলা বিওপির ধলার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, ৩ হাজার ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে রংমহল বিওপির অভিযানে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা এবং ধলা বিওপির অভিযানে উদ্ধার করা মাদকের মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি