প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্প, ভূমি অফিস, গুচ্ছগ্রাম, পূজামণ্ডপ ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হতে পারে, সে জন্য তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও মাড়মী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে বসবাসকারী উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। কবরস্থান ও মন্দির ঘুরে দেখেন।
এ সময় তিনি গুচ্ছগ্রামে নির্মিত কয়েকটি টিনশেড ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় নতুন করে মেরামতের জন্য ওই পরিবারগুলোকে ঢেউটিন প্রদানের কথা বলেন। পরে আশ্রয়ণ প্রকল্পে একটি আমগাছের চারা রোপণ করে উপকারভোগীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগদান করেন।
পরে ঈশ্বরদী থানায় পৌঁছালে একদল চৌকস পুলিশ সদস্য তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে তিনি ঈশ্বরদী থানার ডিউটি কক্ষ, হাজতখানা ও উপপরিদর্শকদের কক্ষ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মুলাডুলি ইউনিয়ন পরিষদ প্রশাসক শেহাব উদ্দিনসহ অন্যান্যরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ