প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদ্যাপিত হয়েছে। সোমবার যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা ও সন্ধিপূজাকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পূজার আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ।
সকালে মহাষ্টমী পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এ বছর যশোরের বেজপাড়া এলাকার বাসিন্দা সোহাগ পাঠক ও মল্লিকা পাঠকের পাঁচ বছর বয়সী কন্যা এবং প্লে-শ্রেণির শিক্ষার্থী সোহানী পাঠককে শাস্ত্রমতে ‘সুভগা’ রূপে পূজা করা হয়।
কুমারী পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। এ সময় তাঁরা সন্তানদের মঙ্গল, পরিবারে শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
অন্যদিকে, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় বিশেষ সন্ধিপূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ৫৮ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত ছিল ৪৮ মিনিটের সন্ধিপূজার নির্ধারিত সময়। এ পূজায় অসুরশক্তির বিনাশের প্রতীক হিসেবে চালকুমড়া, ইক্ষু ও পাকা কলা দিয়ে প্রতীকী বলির আয়োজন করা হয় বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।
পুরোহিতদের মতে, হিন্দু পুরাণ অনুসারে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন। এ কারণে সনাতন ধর্মাবলম্বীদের কাছে সন্ধিপূজার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন প্রণয় চক্রবর্তী। তন্ত্রধারী পুরোহিত ছিলেন শক্তিপ্রসাদ গাঙ্গুলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ ও সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী। এদিন যশোরের বিভিন্ন পূজামণ্ডপে মহানবমীর বিহিত পূজা ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে। ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দিয়ে মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করবেন।
পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। এদিন দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। পরবর্তী সময়ে প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল সিঞ্চনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে যশোরের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের সমাগম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ