প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়ার দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের ‘মেসার্স হাজী ব্রিকস’ ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবহার করা হচ্ছিল। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জড়িত দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য এই মাটি কেটে নিলে জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পায়, যা দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনকে ব্যাহত করে। কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ