প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি ট্রলার জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন নদ-নদীতে পরিচালিত অভিযানে এসব জেলে আটক হন। রোববার (১৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর রুস্তুম-সংলগ্ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি ট্রলার জব্দ করা হয়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ