প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:২৭ PM

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য বিভাগ ও ডব্লিউসিসি (WCC) ঝালকাঠির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের চোখের যত্ন ও অন্ধত্ব দূরীকরণে এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে। সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি অপারেশন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে ঝালকাঠি জেলা ও আশপাশের এলাকার শত শত চক্ষু রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি