প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীর পরশুরাম উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করবে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক পরশুরাম উপজেলার শ্রী শ্রী মা মাতঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাহিনীটি কাজ করছে।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মাবলম্বীর নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ