প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম

পাবনার ফরিদপুরে নিখোঁজ হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নবম শ্রেণির স্কুলছাত্রী মোছা. মিম খাতুনকে (১৪) দূরবর্তী নরসিংদী জেলা থেকে উদ্ধার করেছে ফরিদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর (দক্ষিণপাড়া) গ্রামের মো. আসাদুল সরদার ও মোছা. রোজিনা খাতুনের মেয়ে মিম খাতুন সম্প্রতি নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে পুলিশ।
ফরিদপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নিখোঁজ ছাত্রীর অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই আরিফুল ইসলাম জানান, নিখোঁজের জিডি হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা তার অবস্থান রায়পুরা থানায় শনাক্ত করি এবং সফল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হই।
উদ্ধারকৃত ছাত্রীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছে উদ্ধার হওয়া ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।
স্বদেশ প্রতিদিন/এফএইচ