প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ নিলেন দুই শতাধিক তরুণ। এ সময় খেলার মাঠে উপস্থিত সহস্রাধিক দর্শক মাদকবিরোধী শপথে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গজারিয়া উপজেলার আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচের বিরতিতে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার (শপথ) নেন যুবক ও তরুণেরা। আনারপুরা ফুটবল ফেডারেশনের (আফুফে) আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক তরুণ ও যুবকদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।
ইঞ্জিনিয়ার কাউসার আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) খন্দকার জালাল উদ্দীন রীমু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব প্রকৌশলী নাজির আহমেদ শিকদার, মো. মহিউদ্দিন, উপজেলা যুবদল নেতা তারেক ও দেলোয়ার হোসেন প্রমুখ।
টুর্নামেন্টের আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও মাঠমুখী করতে টুর্নামেন্টের আয়োজন করে আনারপুরা ফুটবল ফেডারেশন।
তাঁরা ইতোমধ্যে মাঠসংলগ্ন ভবেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, যা ক্রমান্বয়ে উপজেলাব্যাপী মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সার্বিক বিষয়ে মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, আমরা আজ যুবক ও তরুণদের উপস্থিতিতে খেলার মাঠে মাদকবিরোধী শপথ গ্রহণ করলাম। আমরা মাদক গ্রহণ করব না, মাদককে প্রশ্রয় দেব না। কিশোর গ্যাং, জুয়া, সন্ত্রাস ও মবসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকব।
স্বদেশ প্রতিদিন/এফএইচ