প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম

প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সংকটের সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ আদালতে প্রবাসীদের বিভিন্ন মামলা পরিচালনার ব্যবস্থাও থাকবে। বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা তাঁদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাঁদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ আদালতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটের সমাধানের পাশাপাশি তাঁদের মামলা পরিচালনার ব্যবস্থা থাকবে।
আইনমন্ত্রী জানান, বিশেষ আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের পথে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি